রাত্রির কাটায় তখন ১২ টা বেজে পার।
পুরো শহরজুড়ে নিস্তব্ধতা। একে একে নিভে গেছে ঘরের বাতিগুলো। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন।তবে রাজশাহী মেডিকেলের গল্পটা একটু ভিন্ন।
হাসপাতালের করিডরে তখনো পায়ের শব্দ। নার্সদের ছুটে চলা, হঠাৎ বেজে ওঠা কোনো মনিটরের শব্দ, করিডোরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাওয়া স্বজন—রাতের নীরবতার বুকে এ যেন আলাদা এক জগৎ।
কেউ দরজার পাশে দাঁড়িয়ে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন। কারও চোখে নির্ঘুম রাতের ক্লান্তি, কারও চোখে একরাশ প্রার্থনা।
“স্যার, আমার রোগীটা খুব ছটফট করছে, একটু দেখে যাবেন?”
“স্যার, আমার স্বামী ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই…”
হাসপাতালে আসা একজন রোগীর অসুস্থতার আড়ালে থাকে জানা-অজানা অজস্র গল্প - মহা কাব্যের চেয়ে কোনো অংশে কম হবে না।
আর সেই গল্পের মহান লেখক আমাদের ডাক্তার সমাজ।
শুধু লেখক বললে ভুল হবে। একই সঙ্গে editor, publisher—সবকিছুর দায়িত্বই যেন তাকে সার্বক্ষণিক ঘিরে রাখে।
কখনো রোগীর কাঁধে হাত রেখে নরম সুরে কথা বলতে হয়, কখনোবা কঠোর হয়ে পরিস্থিতির সামাল দিতে হয়। আবার কখনো জীবনের সবচেয়ে তিক্ত তিনটি শব্দ উচ্চারণ করতে হয়—
“I am sorry.”
বাংলা সিনেমায় কথাটা আমরা হরহামেশাই শুনি। কিন্তু বাস্তবে ঘটনা সম্পূর্ণ আলাদা। জীবন মরণ উপওয়ালার হাতে। তবে আল্লাহর জমিণে চেষ্টার কোনো কমতি থাকে না।
ঘাস মারা বিষ খেয়ে আসা রোগী (paraquat poisoning)। হাসপাতালে এসেছেন ৫ ঘন্টা পর।
মৃত্যু অনিবার্য জেনেও স্যারের নির্দেশে যখন ১০০ টা activated charcoal ( 500mg*100= 50g) গুড়া করে রোগীকে খাওয়াতে হয় , তখন বুঝি leaves no stone unturned- এর আসল মানেটা কি!
তারপরও অভিযোগের শেষ নেই—ডাক্তাররা কসাই, সুস্থ রোগী নিয়ে গেলাম, চিকিৎসা না পেয়ে মারা গেল!
আপনারাই বলুন—একজন stroke-এর রোগীর urgent CT scan করা সম্ভব না হলে কীভাবে নিশ্চিত হব, hemorrhagic stroke নাকি ischemic? শুধুই ধারণার উপর ভিত্তি করে?
বলতে পারেন, basic treatment দিয়ে রোগীকে stabilize করা যায়। ঠিক আছে।
কিন্তু সেই basic treatment-এর ওষুধের supply-ই যদি শেষ হয়ে যায়, তখন কি করবেন?
প্রেসক্রিপশনে ঔষধ গুলো লিখে দিয়ে বলতে হবে-
“ভাই, একজন তাড়াতাড়ি গিয়ে ওষুধগুলো নিয়ে আসেন।”
এর মধ্যেই যদি রোগীর অবস্থা খারাপ হয়ে যায়?
ICU-তে call দেওয়া লাগবে।
কিন্তু serial কি সাথে সাথে পাওয়া যাবে?
একবার এক respiratory distress- রোগীর জন্য urgent ICU-তে call দিয়েছিলাম। Serial এলো ২২!
মনে হলো, দড়ি দিয়ে হাত-পা বেঁধে রোগীটাকে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে—বাঁচার জন্য শুধু স্রোতের সঙ্গে লড়াই করাটুকুই বাকি।
ডাক্তারদের সুযোগ-সুবিধার কথা নাহয় বাদই দিলাম। রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাপনা কি ঠিকঠাক আছে?
রোগীর ভোগান্তি হয়। একই সঙ্গে ডাক্তারদেরও হিমশিম খেতে হয়। হাজারো সীমাবদ্ধতা, অব্যবস্থাপনা, তার সঙ্গে কখনো কখনো রোগীর স্বজনদের খারাপ ব্যবহার—সবকিছুকে উপেক্ষা করে যখন দেখি ভাইদেরকে হাসিমুখে সবকিছু manage করতে, তখন সত্যিই সম্মানে মাথা নত হয়ে আসে।
অবশ্য এর বিনিময়ে কিছু পাওয়ার আশা করা—মস্ত বড় ভুল।
দাদি প্রায়ই আমাকে নসিহত করেন, মানুষের সেবা করতে। আমি অবশ্য কথাটা পুরোপুরি মানতে নারাজ।
সেবা করতে পারব কি না জানি না। তবে সেবা যদি করতেই হয়-মানব সেবা না, আল্লাহর সৃষ্টির সেবা করার মনোভাব রাখাটাই উত্তম।
সৃষ্টি কী বলল, কী ভাবল—সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আপাতত....
সব হিসাব-নিকাশ তো শেষ পর্যন্ত স্রষ্টার সাথেই হবে।



