← All articles
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ইউনিট-৩, ওয়ার্ড-১৭ এর সাইনবোর্ড

Cardiac Arrest

কিছু জমে থাকা আশ্বাস , কিছু না বলা গল্প...

নওগাঁ থেকে ৬২ বছর বয়সী এক চাচা আসলেন।ওয়ার্ডে তখন প্রচুর ভিড়। এক তিল জায়গাও ফাঁকা নেই। এদিকে ডাক্তার মাত্র দুইজন।আর সাথে ওনাদের সাহায্যের জন্য আমি ছিলাম।

আনসার ভাইকে ডাকলাম তাড়াতাড়ি ভিড় সরানোর জন্য।

চাচার দেখলাম বেশ কষ্ট হচ্ছে।সাথে নাকি বুকে ব্যাথাও করছে। Central Chest Pain আরকি। History নিয়ে জানা গেলো ওনার নাকি হার্টের সমস্যা।

মস্তিষ্কের নিউরনগুলো সক্রিয় হয়ে উঠলো।খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিতে হবে।

রোগী ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চারটা Aspirin খেয়ে আসছে।দেরি না করে সাথে সাথে অক্সিজেন চালু করলাম,সাথে ECG করতে বললাম।ওয়ার্ডে ইসিজি মেশিন ছিলো আমাদের।

এদিকে symptoms দেখে Heart Attack এর কথাই মাথায় আসলো। অবাক করা ব্যাপার,হার্টের সমস্যা থাকলেও রোগীর স্বজনরা কোন তথ্যই দিতে পারলেন না।

---হার্টের সমস্যা কত বছর,কোন কোন ঔষধ খেত,ডায়াবেটিস-প্রেসার আছে কি না,কি কি ঔষধ খেতেন,কোনো ডাক্তার দেখিয়েছেন? ---নাহ,এসব কিছুই ওনারা বলতে পারলেন না।

বুঝতে আর বাকি থাকলো না, এতদিন গ্রামের হাতুড়ে ডাক্তারের ভেষজ চিকিৎসাই ওনার একমাত্র সম্বল ছিলো।

যাই হোক,clopidogrel tablet 4টা একসাথে খাইয়ে দিয়ে কার্ডিও তে ট্রান্সফার করতে হবে।Troponin-I Test আমার urgent লাগবে।

সবকিছু গুছিয়ে রোগীর লোককে বোঝাচ্ছিলাম।সাথে কাগজপত্রও রেডি করে দিলাম।

রোগী সম্ভবত হার্ট অ্যাটাকের দুই ঘন্টার মধ্যেই আসছে।ইঞ্জেকশন Streptokinase এর কথা চিন্তা করলাম।

Treatment জানা থাকলেও কি! এটা তো আর কার্ডিওলজি ওয়ার্ড না,আবার সব ব্যবস্থাপনাও নেই।

মাথা ঠান্ডা রেখে সবকিছু সাজিয়ে আনার চেষ্টা করছিলাম, এইদিকে পেশেন্ট এর এক লোককে কার্ডিও তে পাঠালাম কাগজপত্র সহ।

কিন্তু বিধিবাম !!! হঠাৎ কান্নার আওয়াজ ভেসে আসলো ওয়ার্ডের ওপাশ থেকে।
গিয়ে দেখি রোগী অজ্ঞান। গা-হাত-পা ঠান্ডা হয়ে আসছে,pupil mid-dilated।

ইসিজির দিকে তাকালাম , একেবারে খাঁটি সরলরেখা।

মুহুর্তের মধ্যে সবকিছু যেন বদলে গেলো।এইমাত্র না রোগী নিজেই আমাকে বললো,

"স্যার! বুকে কেমন জানি ব্যাথা ব্যাথা করছে।"

আর এখন নিথর দেহ অপেক্ষায় আছে কখন খালি স্ট্রেচারে করে শেষবারের মতো বাসায় ফিরবে।