মহিলা মেডিসিন ওয়ার্ড। পুরোদমে এডমিশন চলছে।
চরম লেভেলের নার্ভাস ছিলাম। একদিকে রোগীর উপচে পড়া ভিড় অন্যদিকে কতিপয় মহিলার চ্যাঁচামেচি - কারওয়ান বাজারের চেয়ে কোনো অংশে কম বলা যাবে না!
"কী সমস্যা চাচি একটু বলেন তো?"
বিধ্বস্ত মলিন চেহারা। দেখেই বোঝা যাচ্ছে Severely dehydrated - " কি যে বলি বাবা। খালি জি ঘাটছে। সেই সক্কাল থেকে "
সাহিত্যপ্রেমী হলেও শরৎচন্দ্র কিংবা বঙ্কিমচন্দ্রের লেখা পড়তে পারতাম না শুধু জটিল সাধু ভাষার কারণেই। ইন্টারমিডিয়েট লাইফেও বাংলা ব্যাকরণ ছিল দুই চোখের বিষ।
ভাবছিলাম মেডিকেলে এসে রেহাই মিলবে - সবই তো ইংলিশে...
কিন্তু বিধিবাম! রোগীর ভাষা বোঝার জন্য মনে হচ্ছে আবারও ছোট ক্লাসে ভর্তি হওয়া লাগবে।
যাইহোক, ডাক্তার সাহেব না বুঝলে বিষয়টা খারাপ দেখায়।
ভাবসাব নিয়ে জিজ্ঞাসা করলাম -"কি বললেন চাচি? কি ঘাটছে? "
"বাবা,জিউ ঘাটছে"
কি যে শুনলাম! একবার 'জিউ' আরেকবার 'জি'। ব্রেইনে তখন টানটান উত্তেজনা-নিশ্চয়ই জটিল কোনো সমস্যা হবে।
অবশ্য রোগীর জটলা থেকে কে যেন বলল- "স্যার, আসলে বমির মতোন হচ্ছে। বমি বমি ভাব আরকি"
পুরোই ভ্যাঁবাচেকা খেয়ে গেলাম। বইয়ের পাতায় পড়ি Nausea ,Vomiting আর বাস্তবে কিনা - জিউ ঘাটছে!
Medical never fails to surprise me!



